রাজধানীর মোহাম্মদপুরের পুরান থানা রোড এলাকায় তালাকপ্রাপ্ত স্বামী টিপু সুলতানের ছুরিকাঘাতে এক নারীর বর্তমান স্বামী আহত হয়েছে। তার নাম রবিউল হাসান কালু (২৫)।
শুক্রবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ভর্তি করা হয়।
আহতের স্ত্রী ফাতেমা বলেন, ২ বছর আগে টিপু সুলতানের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। সে মাদক সেবন ও বিক্রয় করত। এসব কারণে তাকে আমি তালাক দিয়ে দেই। পরে কালুকে বিয়ে করি। বৃহস্পতিবার গভীর রাতে আমার স্বামী কাজ শেষ করে বাসায় ফিরছিল। মোহাম্মদপুরের পুরান থানা রোডে পৌঁছালে টিপু সুলতানসহ আরও তিন-চার জন কালুর গতি রোধ করে। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
আহত কালু পেশায় রিকশাচালক। তারা মোহাম্মদপুরের রায়েরবাজার মেকাপখান রোডে থাকেন।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আহত যুবক ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে। আহতের স্ত্রী জানায়, তার আগের স্বামী বর্তমান স্বামীকে ছুরিকাঘাত করেছে। আমরা মোহাম্মদপুর থানাকে বিষয়টি জানিয়েছি।