পানিসম্পদ মন্ত্রণালয়ের সমাপ্তি নির্ধারণ করা ৪০টি প্রকল্পের মধ্যে ৩৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
মঙ্গলবার সচিবালয়ে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, করোনা মহামারিতে লকডাউনের মধ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। সারাদেশে নদী ভাঙন কবলিত ঝুঁকি লকডাউনের মধ্যেও পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতবছর পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪০টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত ছিলো। এরমধ্যে ৩৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। কাজের সমাপ্তির হার ৯২.৫ শতাংশ। এ করোনা মহামারিতেও হাজার হাজার শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা শতভাগ নিশ্চিত করে এসব প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
তিনি আরো বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপের কারণে বর্তমানে দেশে নদী ভাঙনের পরিমাণ সাড়ে ৩ হাজার হেক্টর। যা ২৫ বছর আগে সাড়ে ৯ হাজার হেক্টর ছিল। আর নদী রক্ষণাবেক্ষণের জন্য ড্রেজিং, নদীর পাড় উঁচুকরণ, প্রশস্তকরণ ও নদীর পাড়ে বনায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যেখানে ক্ষতি হচ্ছে সেখানেই দ্রুত গতিতে কাজ চলছে। দেশে নতুন নতুন মেগা প্রকল্প হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ডেল্টাপ্ল্যান-২১০০ এর ৮০ ভাগ কাজই করবে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। সর্বোপরি এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের আর কোনো নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যা থাকবে না।
এ কে এম এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়মিতই পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আমি (উপমন্ত্রী) ও সচিব সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করছি। সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রকল্পের কাজের তদারকি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলেন, ‘দেশের জনগণ যে আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস ও স্বপ্ন নিয়ে চতুর্থবারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে।’
তিনি আরো বলেন, আমরা কর্মীর মতো কাজ করে সেই আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস ও স্বপ্নের বাস্তবায়ন করবো। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবিলায় যা যা করণীয় সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলছে।