পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন ড. শামসুল আলম। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এই সদ্য সাবেক সদস্য আগামী রোববার শপথ নিতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, শামসুল আলমকে প্রতিমন্ত্রী নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
টানা ১২ বছর সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন শামসুল আলম। গত ৩০ জন তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়।
শামসুল আলম এতথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী তার ১২ বছরের কাজের স্বীকৃতি দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আগামী রোববার শপথ গ্রহণের সময় ঠিক হয়েছে।
২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের দায়িত্ব নেওয়ার পর কয়েক দফা তার চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়।
জিইডি-এর সদস্য হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি তিন দশকের বেশি সময় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য সরকার শামসুল আলমকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।